পিডিবিকে কোম্পানি করার প্রতিবাদে 'গণছুটি' কর্মসূচি
পিডিবির রাজশাহী ও রংপুর অঞ্চলকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে তিন দিনের গণছুটি কর্মসূচি পালন করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রতীকী গণছুটি হওয়ায় গতকাল মঙ্গলবার কার্যালয়ে সবাই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।
পিডিবি সূত্র জানায়, সংস্থার দক্ষিণাঞ্চলে (চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার) প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বিভাগের প্রধানদের কাছে তিন দিনের ছুটির আবেদন করেছেন। তবে ছুটি মঞ্জুর না হওয়ায় গতকাল সবাই নিজ নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিউবো (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব প্রবীর কুমার সেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই তিন দিনের গণছুটির আবেদন করেছি। তবে প্রতীকী ছুটি হওয়ায় সবাই কর্মক্ষেত্রে উপস্থিত থাকছি। কোম্পানি বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
কোম্পানি করার প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে গতকালও বিক্ষোভ করেছে বিউবো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ। নগরের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করা হয়।