পিডিবিকে কোম্পানি করার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে গতকাল রোববার পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। একই কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্যপরিষদ গতকাল কালো ব্যাজ ধারণ ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পিডিবির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় পিডিবির পঞ্চগড় জেলার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর আয়োজন করে পিডিবির শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদ। এতে নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী খায়রুল আলম প্রমুখ অংশ নেন।
এদিকে পিডিবির রংপুর ও রাজশাহী অঞ্চলকে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে পিডিবির পাটগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্যপরিষদ গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। কর্মবিরতির সঙ্গে গতকাল সকাল থেকে ওই কার্যালয়ের সামনে তারা কালো ব্যাজ ও অবস্থান ধর্মঘট পালন করে।
ওই কর্মবিরতির কারণে গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য ওই কার্যালয়ে এসে ফেরত যাচ্ছেন। উপজেলার পানবাড়ি গ্রামের ভ্যানচালক মোজ্জাফারুল বলেন, অনেক কষ্টে টাকা জমা করে বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য মিটার নিতে গত পাঁচ-ছয় দিন থেকে ওই কার্যালয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।