পিডিবিতে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগের আওতাধীন রাজশাহী ও রংপুর অঞ্চলের সমন্বয়ে নতুন একটি কোম্পানি গঠন নিয়ে সারা দেশে সংস্থার দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সরকারি খাতে ‘উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি’ নামে এই কোম্পানি গঠনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন ওই অঞ্চলের বিতরণ অবকাঠামো নতুন কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
নতুন কোম্পানি গঠনের সক্রিয় প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহ ধরে পিডিবির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা মিলিতভাবে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সারা দেশে পিডিবির কার্যক্রম ব্যাহত হয়। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয় প্রায় বন্ধই হয়ে যায়। শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা সারা দিন ধরে সভা ও বিক্ষোভ করতে থাকেন। আজ রোববারও তাঁরা একই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, পিডিবির অচলাবস্থার বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর নির্দেশনা চাইবেন।
বিদ্যুৎ খাত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সরকার এই নতুন কোম্পানি গঠনের পদক্ষেপ নিয়েছে। এর আগেও পিডিবির বিতরণ অঞ্চল বিভক্ত করে প্রথমে ডেসা, পরে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো প্রভৃতি কোম্পানি গঠন করা হয়। তবে পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা কখনোই এই সংস্কারের উদ্যোগ সমর্থন করেননি। আবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে পিডিবির আওতায় রেখে দক্ষতার সঙ্গে পরিচালনাও করতে পারেননি।
এ কারণে সরকার সংস্কারের অংশ হিসেবে আলাদা আলাদা কোম্পানি গঠনের কার্যক্রম চালিয়ে গেছে। এই কোম্পানি গঠন শুধু বিতরণ ব্যবস্থার মধ্যেই সীমিত নয়, সঞ্চালন ব্যবস্থা এবং উৎপাদন ব্যবস্থার একাংশও আলাদা করা হয়েছে। এ ছাড়া আলাদাভাবে গড়ে তোলা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গ্রামাঞ্চলে বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
আলাদা আলাদা কোম্পানি গঠনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ খাত ক্রমান্বয়ে বড় হওয়ায় একটি কোম্পানির পক্ষে এর উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে ওই তিনটি ক্ষেত্রেই আলাদা আলাদা কোম্পানি করা হচ্ছে। পিডিবি হবে এগুলোর হোল্ডিং কোম্পানি। প্রতিমন্ত্রী বলেন, নতুন কোম্পানি গঠনের কারণে পিডিবির কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাচ্ছেন না। বরং তাঁদের সুযোগ আছে নতুন কোম্পানিতে অনেক বেশি বেতন-ভাতায় চাকরি নেওয়ার।