পিডিবিতে ট্রান্সফরমার সরবরাহে মধ্যস্বত্বভোগী!
সরকারি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএম) ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ট্রান্সফরমার কেনে না। চুক্তিবদ্ধ এই দুই সরকারি প্রতিষ্ঠানের ক্রয়বিক্রয় কাজে মধ্যস্বত্বভোগী বা দালাল প্রতিষ্ঠানের উপস্থিতি থাকার কথা নয়। কিন্তু এমএম এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান পুরো সরবরাহের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমএম এন্টারপ্রাইজের কর্মকর্তারা সরবরাহ-প্রক্রিয়ায় ‘মধ্যস্থতা’ করার কথা স্বীকারও করেছেন।পিডিবির একাধিক কর্মকর্তা বলেছেন, কমিশনের নামে বেসরকারি প্রতিষ্ঠানটি বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে পিডিবি ও জিইএমের কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে এককভাবে জিইএম প্লান্ট থেকে পিডিবির ট্রান্সফরমার কেনা বাধ্যতামূলক করা হয়। এ বিষয়ে পিডিবি ও জিইএম প্লান্টের মধ্যে চুক্তিও হয়। কিন্তু মাঝখান থেকে ঢাকার গ্রিন রোডে অবস্থিত এমএম এন্টারপ্রাইজ পুরো সরবরাহের কাজটি নিয়ন্ত্রণ করছে। জিইএম প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার হালদার প্রথম আলোকে বলেন, ‘এমএম এন্টারপ্রাইজ আমাদের বিক্রয় এজেন্ট। এটা (মধ্যস্থতা) না হলে সরকারি প্রতিষ্ঠানে তৈরি পণ্য মাসের পর মাস পড়ে থাকে। কেউ কিনতে আসে না।’জিইএম প্লান্ট থেকে ট্রান্সফরমার কেনা পিডিবির জন্য বাধ্যতামূলক করার পরও এজেন্টের প্রয়োজন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদ সরকারের আমল থেকেই এই ব্যবস্থা চালু আছে। এমএম এন্টারপ্রাইজের নির্বাহী দেওয়ান মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জিইএম প্লান্টের কর্মকর্তারা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পিডিবির লোকজনের সঙ্গে দর-কষাকষি করতে পারেন না। তাঁদের হয়ে কাজটি আমরা করে থাকি।’ একটি সরকারি প্রতিষ্ঠান অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক নীতিতে মালামাল কিনবে, এতে সমঝোতার দরকার কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিদর্শক দলকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিল তৈরি এবং তা বিভিন্ন টেবিলে পৌঁছে দেওয়ার কাজটি আমাদের করতে হয়।’ এতে আপনাদের লাভ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ট্রান্সফরমার বিক্রির অর্থ থেকে একটি নির্দিষ্ট হারে কমিশন নিই।’ তবে কমিশন হিসেবে তাঁরা কত টাকা নেন, তা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। পিডিবির একাধিক কর্মকর্তা বলেছেন, কমিশনের অর্থ ট্রান্সফরমারের দামের সঙ্গে সমন্বয় করতে গিয়ে প্রায় ক্ষেত্রেই নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, জিইএম প্লান্ট ও পিডিবির মধ্যকার চুক্তিতে ট্রান্সফরমারের বুশিং কানেকটরের নাট ও ওয়াশার চুক্তি অনুযায়ী পিতল দিয়ে তৈরি করার কথা। কিন্তু দেওয়া হয়েছে লোহা। একটি ট্রান্সফরমারে সাতটি নাট ও সাতটি ওয়াশার থাকে। এ ছাড়া বুশিং ক্যাপ ও লাইটিং এরেস্টারের (বজ্রপাত নিয়ন্ত্রক) রডগুলো পিতলের দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে লোহার। তাই ব্যবহারের আগেই সেগুলোতে মরিচা পড়ে গেছে। ট্রান্সফরমারের তেলে ব্যবহূত থার্মোমিটার পানি নিরোধক নয়। তাই ভেতরে পানি ঢুকে মরিচা পড়ে সেগুলো অকার্যকর হয়ে যায়। পিডিবির একাধিক ভান্ডাররক্ষক জানান, এসব কারণে গত তিন বছরে চট্টগ্রামের ফৌজদারহাট, ঢাকার টঙ্গী ও পাবনার ঈশ্বরদীতে পাঠানো ট্রান্সফরমারগুলোতে ত্রুটি ধরা পড়ে।ফৌজদারহাট ভান্ডারের উপপরিচালক মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা জিইএম প্লান্টের মহাব্যবস্থাপককে বিষয়টি জানিয়েছিলাম। তিনি এসব ত্রুটির কথা স্বীকার করে তা বদলে দেওয়ার কথাও বলেন। কিন্তু পরে আর দেননি।’ ঈশ্বরদীর সাবেক ভান্ডাররক্ষক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি ২০০ ও ২৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের দুটি চালানে এই ত্রুটি (পিতলের পরিবর্তে লোহার যন্ত্রাংশ) দেখতে পাই। পরিদর্শন শেষে গ্রহণের (আরঅ্যান্ডআই) সময় আমি আপত্তি জানিয়েছিলাম। কিন্তু আপত্তি সত্ত্বেও পিডিবি এমএম এন্টারপ্রাইজের কাছে বিল পরিশোধ করে। তখন জিইএম প্লান্ট থেকে বলা হয়, এমএম এন্টারপ্রাইজ থেকে যেভাবে ফরমায়েশ দেওয়া হয়েছে, সেভাবেই ট্রান্সফরমারে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।’গত অক্টোবরে ঈশ্বরদীতে পাঠানো ত্রুটিযুক্ত ১২৫টি ট্রান্সফরমার গ্রহণ করতে ভান্ডাররক্ষক অস্বীকার করেন। তখন ঢাকার গ্রিন রোড থেকে এমএম এন্টারপ্রাইজের কর্মকর্তারা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঈশ্বরদী ভান্ডারে যান। ত্রুটি ধরা পড়ার পর তাঁরা বাজার থেকে পিতলের নাট ও তার কিনে দেন। বর্তমানে ওই সব নাট ও তার ঈশ্বরদীর ভান্ডাররক্ষকের কক্ষে জমা আছে বলে পিডিবি সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে জিইএম প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার হালদার প্রথম আলোকে বলেন, অসাবধানতাবশত কিছু ট্রান্সফরমারে পিতলের স্থলে লোহা ব্যবহার করা হয়েছিল। পরে তা ঠিক করে দেওয়া হয়েছে। পিডিবি সূত্র জানায়, বিগত বিএনপি সরকারের আমলে পিডিবি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিম্নমানের ট্রান্সফরমার কেনে। কিন্তু পরে দেখা যায় অনেক ট্রান্সফরমার অকেজো। পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকার জিইএম প্লান্ট থেকে ট্রান্সফরমার কেনা বাধ্যতামূলক করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এ পর্যন্ত জিইএম প্লান্ট থেকে প্রায় আড়াই হাজার ট্রান্সফরমার কিনেছে পিডিবি।