পিডিবির অচলাবস্থার অবসান হয়নি
গতকাল রোববার বেলা দুইটায় যৌথ সংবাদ সম্মেলন করার কথা ছিল। সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চলমান অচলাবস্থার আপাতত অবসানের ঘোষণা দেওয়ার কথাও শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিকেল পাঁচটা নাগাদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের একমত হতে আরও কয়েক দিন সময় লাগবে।’
এর আগে দুপুর ১২টা থেকে প্রতিমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে আলোচনা চালাচ্ছিলেন আন্দোলনরত পিডিবির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের নেতাদের সঙ্গে। তবে গতকাল সে আলোচনা কোনো ফল দিতে ব্যর্থ হয়েছে। যে সমঝোতার ভিত্তিতে গতকাল সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। তাই আরও আলোচনা চলবে।
বিদ্যুৎ মন্ত্রণালয় ও পিডিবির আন্দোলনরত লোকজন সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায় থেকেও আলোচনার মাধ্যমে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিতরণের কোনো দায়িত্ব যে শেষ পর্যন্ত পিডিবির হাতে রাখা হবে না, আলাদা আলাদা কোম্পানির মাধ্যমেই বিতরণ কার্যক্রম চালানো হবে, সে বিষয়ে আন্দোলনকারী লোকজনকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
পিডিবির বিতরণ বিভাগের আওতাধীন রাজশাহী ও রংপুর অঞ্চলের সমন্বয়ে নতুন একটি কোম্পানি গঠনের বিরোধিতা করে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা একযোগে আন্দোলন শুরু করেন। তাতে সংস্থার দৈনন্দিন কাজকর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে। তবে সরকারি খাতে ‘উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি’ নামে এই কোম্পানি গঠনের আনুষ্ঠানিকতা ১ আগস্ট সম্পন্ন করা হয়েছে। এখন ওই অঞ্চলের বিতরণ অবকাঠামো নতুন কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
বিদ্যুৎ খাত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সরকার এই নতুন কোম্পানি গঠনের পদক্ষেপ নিয়েছে। এর আগেও পিডিবির বিতরণ অঞ্চল বিভক্ত করে প্রথমে ডেসা, পরে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো প্রভৃতি কোম্পানি গঠন করা হয়। তবে পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা কখনোই সংস্কারের উদ্যোগ সমর্থন করেননি।
আলাদা আলাদা কোম্পানি গঠনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ খাত ক্রমান্বয়ে বড় হওয়ায় একটি কোম্পানির পক্ষে এর উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে ওই তিনটি ক্ষেত্রেই আলাদা কোম্পানি করা হচ্ছে। পিডিবি হবে এগুলোর হোল্ডিং কোম্পানি। প্রতিমন্ত্রী বলেন, নতুন কোম্পানি গঠনের কারণে পিডিবির কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাচ্ছেন না।