পিডিবির কর্মকর্তাকে শ্রমিক লীগ নেতাদের মারধরের অভিযোগ
সিলেটে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিভাগীয় কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে বিদ্যুৎ শ্রমিক লীগের নেতারা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পিডিবির বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ভবিষ্য তহবিলের বিপরীতে ঋণ নেওয়ার জন্য নগরের বাঘবাড়ি এলাকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (হিসাব) মো. লুৎফুর রহমানের দপ্তরে আবেদন করেন আজির উদ্দিন নামের একজন কর্মচারী। আজিরউদ্দিন জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এমএলএসএস পদে কর্মরত। তবে এর আগেও তিনি ভবিষ্য তহবিলের বিপরীতে আটবার ঋণ নেওয়ায় উপপরিচালক মৌখিকভাবে জানিয়ে দেন যে তাঁকে নতুন করে ঋণ দেওয়া সম্ভব নয়। আজিরউদ্দিন বিষয়টি বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাদের জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান এবং বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল ইসলাম উপপরিচালকের দপ্তরে যান। তাঁরা আজিরউদ্দিনকে ঋণ দেওয়ার জন্য উপপরিচালককে চাপ দেন। উপপরিচালক লুৎফর রহমান রাজি না হওয়ায় জাহাঙ্গীর ও বদরুল ক্ষুব্ধ হয়ে উপপরিচালকের ওপর চড়াও হন এবং তাঁকে কিল-ঘুষি মারেন। তখন সহকর্মীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর উপপরিচালক তাঁর কক্ষ থেকে বেরিয়ে গেলে জাহাঙ্গীর ও বদরুল কক্ষের কাগজপত্র ও ফাইল তছনছ করে চলে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক লুৎফর রহমান প্রথম আলোকে জানান, তিনি ঘটনাটি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।তবে উপপরিচালককে মারধর করার কথা অস্বীকার করে শ্রমিক লীগের নেতা জাহাঙ্গীর খান প্রথম আলোকে বলেন, আজিরউদ্দিন একজন গরিব কর্মচারী। ছেলেমেয়েদের স্কুলের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের জন্য তিনি ঋণ চেয়েছিলেন। ঋণের জন্য সুপারিশ করতে তিনি ও বদরুল উপপরিচালকের কক্ষে যান। এ সময় উপপরিচালক চেয়ার ছুড়ে তাঁদের মারতে উদ্যত হলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাঁরা সেখান থেকে চলে যান।সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রায়হান আলী জানান, উপপরিচালককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি।