পিডিবির গ্রাহকদের পল্লী বিদ্যুতে যুক্ত করার প্রক্রিয়া বন্ধের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সমিতিতে যুক্ত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল বুধবার স্মারকলিপি দিয়েছেন পিডিবির গ্রাহকেরা। এর আগে সংবাদ সম্মেলন করে একই দাবি জানান তাঁরা।
গতকাল দুপুর ১২টায় জেলা পিডিবি গ্রাহক কল্যাণ সমিতির ব্যানারে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক আবুল মনসুর শওকত। তিনি বলেন, আগামী মাসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ও শহরের গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। এতে পিডিবির গ্রাহকদের ভোগান্তি বাড়বে। তাই এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।
পিডিবির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম বলেন, ‘কেন্দ্রের একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সম্প্রতি পিডিবির সুনামগঞ্জ কার্যালয়ে পাঠানো একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ পৌর এলাকার বাইরে পিডিবির যেসব গ্রাহক আছেন, তাঁদের পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের জন্য। আমরা এখনো এ ব্যাপারে কোনো কাজ শুরু করিনি।’