সরকারি হিসাব কমিটির সভা
পিডিবির চার কোটি টাকা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ত্রুটিযুক্ত মালামাল কেনায় চার কোটি পাঁচ লাখ টাকা অনিয়মের ঘটনায় দায়ীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদের সরকারি হিসাব কমিটি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ২০০৫-০৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি এ সুপারিশ করেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার সরকারি হিসাব কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। সভায় ২০০৩-০৪ অর্থবছরে সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের কাছ থেকে অনাদায়ী টাকা আদায় না করা এবং বিল পরিশোধ না করলেও সংযোগ বিচ্ছিন্ন না করার কারণ জানতে চাওয়া হয়। কমিটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কাছ থেকে বকেয়া আদায় করতে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলেছে। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিটিসিএলের ২০০৫-০৬ অর্থবছরে পোর্ট ও শিপিং চার্জ বাবদ অনিয়মিতভাবে ৫৬ লাখ ৮৪ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, ২০০৫-০৬ অর্থবছরে আকাশপথে বিটিসিএলের মালামাল আনা হলেও সমুদ্রপথের বিমাচার্জ পরিশোধ করায় সাত কোটি ৫৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। এসব অর্থ দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায়ের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।সভায় কমিটির সদস্য আলী আশরাফ, চিফ হুইপ আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এম কে আনোয়ার, মুহাম্মদ ইমাজ উদ্দিন, মোহাম্মদ ছায়েদুল হক, খান টিপু সুলতান, খন্দকার আসাদুজ্জামান, আবদুস সালাম, নারায়ণচন্দ্র চন্দ ও ফরিদা আখতার অংশ নেন। লাইব্রেরি কমিটির সভা: সংসদের লাইব্রেরি কমিটির সভা গতকাল কমিটির সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শেখ আবদুল ওহাব, কাজী কেরামত আলী, ইসহাক হোসেন তালুকদার, জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম, গোলাম ফারুক খন্দকার এবং শাম্মী আক্তার সভায় অংশ নেন। সভায় সংসদের গ্রন্থাগার আরও সমৃদ্ধ করতে দেশি-বিদেশি গ্রন্থাগার পরিদর্শন এবং ইতিহাস ও ঐতিহ্য বিশেষ করে সংসদীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বই সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীদের উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।