পিডিবির তদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পাকা খুঁটির বদলে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তদন্ত গত সোমবার শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, পিডিবির অধীনে ১০ শহর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা অনিয়ম করে এ সংযোগ দিয়েছেন।
এলাকাবাসীর লিখিত অভিযোগ ও পিডিবি সূত্রের বিবরণ অনুযায়ী, ২০০৫ সালে রাজশাহী বিভাগের অধীনে ১০টি শহর ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য এ প্রকল্প নেওয়া হয়। পিডিবির স্থানীয় কর্মকর্তারা টাকার বিনিময়ে শহরের পরিবর্তে গ্রাম ও শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। সদরের বহুলী, কালিয়াহরিপুর, সয়দাবাদ—এ তিন ইউনিয়নের গ্রামগুলোতে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লাইনের ওপর, নিচ ও পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন টানা হয়। তড়িঘড়ি করে কাজ শেষ করতে আবাসিক গ্রাহকদের বাঁশের খুঁটি ও গাছের সঙ্গে তার টানিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়।
১৯ জুন প্রথম আলোয় ‘বাঁশে চড়ে বিদ্যুৎ নামছে!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পিডিবির চেয়ারম্যানের নির্দেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) কে এম হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অপর দুজন সদস্য হলেন, পিডিবির রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম।
কমিটি গত শনিবার তদন্ত শুরু করে। তদন্ত দলের সদস্যরা গত সোমবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইন ও সংযোগ দেওয়ার স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় আবাসিক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক তুষারকান্তি দেবনাথ, পিডিবির প্রকৌশলী ও স্থানীয় শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
তদন্ত দলের প্রধান কে এম হাসান বলেন, বিদ্যুৎ লাইন ও সংযোগ দেওয়া নিয়ে যেসব এলাকায় অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো যাচাই করা হচ্ছে। এ ছাড়া নতুন করে পিডিবি ও পবিসের এলাকা নির্ধারণ করা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার তদন্ত দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।