পিডিবির ভুলে গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভুলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেপ্টেম্বর মাসের ব্যবহৃত বিলের সঙ্গে আগস্ট মাসের পরিশোধ করা বিল যোগ করে দেওয়ায় তাঁদের এ দুর্ভোগ।
নীলফামারী পিডিবির উপসহকারী প্রকৌশলী মির্জা রশিদ-উন-নবী বলেন, রংপুর কম্পিউটার সেন্টার থেকে ভুল রিডিং আসছে। জেলা শহরের ১৮ হাজার গ্রাহকের মধ্যে প্রায় দুই হাজার গ্রাহকের এ সমস্যার সৃষ্টি হয়েছে। আগস্ট মাসের পরিশোধ করা বিলগুলো দেখে সেপ্টেম্বর মাসের বিল সংশোধন করে দেওয়া হচ্ছে। এতে তাঁদেরও বাড়তি চাপ সামলাতে হচ্ছে বলে জানান তিনি।
গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, পিডিবি প্রতি মাসে যে বিল দেয়, সেপ্টেম্বর মাসে ওই বিলের দ্বিগুণ বিল দিয়েছে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, আগস্ট মাসের পরিশোধ করা বিল বকেয়া দেখিয়ে তা সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গে যোগ করা হয়েছে।
শহরের ডাকবাংলো সড়কের পিডিবির আবাসিক গ্রাহক আবদুল হান্নান চৌধুরী অভিযোগ করেন, ‘আমার হিসাব নম্বর ৬০৪৪। আগস্ট মাসে ১০০ ইউনিটের বিল ৪৩৬ টাকা পরিশোধ করেছি। সেপ্টেম্বর মাসে ১০০ ইউনিটের বিল ৯১৭ টাকা দেওয়া হয়েছে। এখন কাজ ফেলে ডাকবাংলো এলাকা থেকে রিকশা ভাড়া দিয়ে বিদ্যুৎ কার্যালয়ে আসতে হয়েছে বিলটি সংশোধনের জন্য।’
শহরের সবুজপাড়ার আবাসিক গ্রাহক ময়না বেগম বলেন, পিডিবি তাদের ভুল স্বীকার করায় বিলগুলো সংশোধন করে দেওয়া হচ্ছে। নইলে সবারই বিপদ হতো।