পিডিবির ভুয়া বিল, হয়রানির শিকার গ্রাহকেরা
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবো) ডিজিটাল মিটার সংযোগ লাগানোর অজুহাতে ভুয়া বিল তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কর্মকর্তারা গ্রাহকদের সন্তোষজনক উত্তর দিতে পারছেন না। এ ছাড়া গ্রাহকেরা হয়রানির শিকার হচ্ছেন।
এলাকার অনেকে ও বিউবো সূত্রে জানা গেছে, গ্রাহকদের আগের অ্যানালগ মিটার কার্যকর নয়—এ অজুহাতে নতুন ডিজিটাল মিটার লাগানোর অভিযান চলছে। এ কারণে আগের অ্যানালগ মিটারের বিলকে কেন্দ্র করে নতুন গড় বিল করা হচ্ছে। অথচ গ্রাহকদের নোটিশ প্রদানের আগেই মনগড়া গড় বিল করে তাঁদের হয়রানি করা হচ্ছে। অ্যানালগ মিটারটি ভালো থাকা সত্ত্বেও ডিজিটাল মিটার গ্রাহককে নিজ খরচে কিনে সার্ভিস চার্জ দিয়ে লাগাতে হচ্ছে। প্রতি মিটার থেকে দুই শত টাকার বেশি সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে।
পৌর এলাকার প্রফেসর পাড়ার গ্রাহক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ‘আমাকে বিউবো ৪ নভেম্বর নোটিশ প্রদান করে। অথচ অক্টোবর মাস থেকেই তারা গড় বিল করতে থাকে। আমার অ্যানালগ মিটারটি এখনো ভালো আছে। এ বিষয়ে ওয়াপদার জেলার উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।’ নেত্রকোনা বিউবোর নির্বাহী প্রকৌশলী মির্জা কামরুল হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখতে হবে। নোটিশের আগে গড় বিল করার কথা নয়।