মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ের সাবেক প্রকৌশলীসহ চার ব্যক্তির বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে। বিদ্যুতের মিটার স্থাপনে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা করেন।আসামিরা হচ্ছেন, কুলাউড়া পিডিবির কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী আবদুর রশীদ (বর্তমানে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত), আবাসিক প্রকৌশলী আবদুল মোমেন (অবসরপ্রাপ্ত), মিটার রিডার আবু রায়হান (ঢাকার মতিঝিলে অবস্থিত পিডিবির কেন্দ্রীয় কর্মচারী পরিদপ্তরে সংযুক্ত) এবং পিডিবির গ্রাহক ও স্থানীয় উত্তর বাজার এলাকার বাসিন্দা আকলু মিয়া।এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত আকলু মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুতের মিটারে (হিসাব নম্বর-০৩৬৭৭৭) চার হাজার ৯৮২ ইউনিট বকেয়া রেখে সেটি পরিবর্তন করে আরেকটি নতুন মিটার (হিসাব নম্বর-০১৪৩৭৭৪) স্থাপন করা হয়। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা বকেয়া ইউনিটের ২৪ হাজার ৯১০ টাকা (প্রতি ইউনিটের দর পাঁচ টাকা হিসাবে) আত্মসাৎ করে সরকারের ক্ষতিসাধন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ অভিযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে দুর্নীতি দমন আইনের ৫-এর ২ ধারায় থানায় মামলা হয়।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) অকিল উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে জানান, দুদকের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবেন।অভিযুক্ত আবু রায়হান ঘটনায় সম্পৃত্ত নন বলে দাবি করেছেন। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।