পিডিবির ১৭টি ভবনের ১৫টিই ঝুঁকিপূর্ণ
সংস্কারের অভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গাইবান্ধা বিতরণ বিভাগের মোট ১৭টি ভবনের মধ্যে ১৫টিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর্থিক সামর্থ্য কম থাকায় কিংবা কাজের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েই এসব ভবনে বসবাস করছেন পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা।
গাইবান্ধা বিতরণ বিভাগের ইলেকট্রিশিয়ান-বি খায়রুল ইসলাম বলেন, ‘আমি যে দ্বিতল ভবনে বসবাস করি, সেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার ভয়ে দ্বিতীয় তলায় কেউ থাকেন না। ভবনের নিচতলায় পরিবার নিয়ে আমি বসবাস করছি।’ তিনি আরও বলেন, এক যুগেরও বেশি সময় ধরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি।
ভান্ডাররক্ষক মানিক আহম্মেদ বলেন, আবাসিক ভবনগুলোর জানালা-দরজা বিধ্বস্ত। ছাদে ফাটল। প্রায়ই প্লাস্টার ধসে পড়ে। তিনি আরও বলেন, ‘দাপ্তরিক কাজের জন্য সব সময় ক্যাম্পাসে থাকতে হয়। এ ছাড়া সামান্য বেতনে চাকরি করি। ভাড়া বাসায় থাকব কীভাবে। তাই ঝুঁকি জেনেও এখানেই থাকতে বাধ্য হচ্ছি।’
বিতরণ বিভাগের ইলেকট্রিশিয়ান-এ আরিফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের কোনো আবাসিক ভবনই বসবাসের উপযোগী নয়। তারপরও ২০১২ সাল থেকে এখানে বসবাস করছি।’ তিনি বলেন, ‘আমি যেখানে থাকি সে ভবনের ছাদে ফাটল। বৃষ্টির দিনে পানিতে কক্ষ ভরে যায়। কালবৈশাখীর সময় থাকা দুষ্কর। কিন্তু কাজের সুবিধার জন্য এখানে থাকা ছাড়া উপায় নেই।’
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ১৯৬১ সালের দিকে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাসায় বিতরণ বিভাগের অস্থায়ী কার্যালয় গড়ে ওঠে। ১৯৬৮ সালের দিকে একই এলাকায় সাড়ে পাঁচ একর জমিতে বর্তমান কার্যালয় স্থাপিত হয়। ১৯৬৯ থেকে ১৯৭০ সালের মধ্যে এই জমিতে মোট ১৬টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে একটি প্রশাসনিক কার্যালয়, একটি নির্বাহী প্রকৌশলীর বাসভবন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১টি আবাসিক ভবন, দুটি গোডাউন ও একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। ২০১২ সালের দিকে নির্মিত হয় নির্বাহী কর্মকর্তার দ্বিতল প্রশাসনিক কার্যালয়। নির্বাহী কর্মকর্তার এই প্রশাসনিক এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের ভবন দুটি বাদে বাকি ১৫টিই বর্তমানে ঝুঁকিপূর্ণ।
বর্তমানে বিতরণ বিভাগে ১১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন অস্থায়ী। বাকি ৮০ জনের মধ্যে আবাসিক ভবনগুলোতে থাকছেন মাত্র ১৫ জন। ভবনগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী এগুলোতে না থেকে অন্যত্র থাকছেন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি ১৯০২) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান আকন্দ বলেন, এই বিভাগের আওতায় প্রায় ৩৫ হাজার ২৩৬ জন বাণিজ্যিক, আবাসিক ও অনাবাসিক গ্রাহক রয়েছেন। প্রতি মাসে বিদ্যুৎ বিল আদায় হয় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। অথচ যে দপ্তর থেকে সরকারের আয় হয়, সেখানেই উন্নয়ন নেই। এ ছাড়া কর্মচারীরা ক্যাম্পাসে থাকলে গ্রাহক সেবা বাড়ত। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় কেউ এখানে থাকতে পারছেন না। তিনি আরও বলেন, ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য বিউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন বলেন, বিউবোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য ‘পূর্ত কাজ পরিদপ্তর’ রয়েছে। তিনি আরও বলেন, এখানকার ভবনগুলো পরিত্যক্ত ঘোষণার জন্য প্রস্তাব তৈরি করা হচ্ছে। প্রস্তাবটি পরিদপ্তরে পাঠানো হবে।