পিডিবির ৩০ কিমি লাইন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা থেকে কসবার কুটি চৌমহনী বিদ্যুৎ উপকেন্দ্র পর্যন্ত পিডিবির ৩০ কিলোমিটার বিদ্যুৎ লাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই লাইনের তার ছিঁড়ে মাঝেমধ্যেই অন্ধকারে নিমজ্জিত হয় কসবা উপজেলাসহ আশপাশের বিশাল এলাকা। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ধরখার এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ কেভি লাইন ছিঁড়ে যায়। এতে কসবা উপজেলাসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে আটটায় বিদ্যুৎ আসে। এ নিয়ে গত এক মাসে তিনবার এই লাইনের তার ছিঁড়ে পড়ল। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সোমবার সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কসবা শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। কসবা পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় সোমবার ঈদের বেচাকেনার মূল সময় পুরো মার্কেট বন্ধ থাকে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে আরও জানা যায়, পিডিবি ১৯৬৫ সালে বিদ্যুৎ লাইনটি নির্মাণ করে। স্বাধীনতাযুদ্ধের সময় শেল ও বোমার আঘাতে লাইনের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু কখনো লাইন ভালোভাবে সংস্কার করা হয়নি, হয়েছে শুধু জোড়াতালি। ফলে তারগুলোর বিদ্যুতের ভোল্টেজ ধারণক্ষমতা কমে যায়। তা ছাড়া এই লাইন মাত্র ২০ মেঘাওয়াট বিদ্যুৎ বহনের ক্ষমতা রাখে। কিন্তু কসবার ১৫ মেঘাওয়াট, আখাউড়ার পাঁচ মেঘাওয়াট ও ঐশরিয়ার ১০ মেঘাওয়াট বিদ্যুৎ এই লাইনে আসে। ফলে প্রায়ই তার ছিঁড়ে মাটিতে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রকৌশল) মো. লোকমান হোসেন বলেন, বিদ্যুৎ লাইন অনেক পুরোনো। প্রায় নষ্ট হয়ে গেছে। তা ছাড়া ২০ মেঘাওয়াট বিদ্যুৎ বহন করার ক্ষমতার লাইন দিয়ে ৩০ মেঘাওয়াট বিদ্যুৎ আসে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘তারগুলো অতি পুরোনো, নষ্ট হয়ে গেছে। লোডও বেশি হয়। তার বদলানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শীত মৌসুমে তার বদলানো হবে।’