পিতা-পুত্রকে কুপিয়ে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে পিতা-পুত্রকে কুপিয়ে কোরবানির পশু কেনার ৭০ হাজার টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় দোকানঘরের সামনে এ ঘটনা ঘটে।ঘটনার পর চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে আহত পিতা মহিউদ্দিন ওরফে স্বপন (৫০) ও পুত্র ফয়েজউল্লাকে (১৩) উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মহিউদ্দিন ওরফে স্বপন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর বাড়ির সামনের দোকান থেকে কোরবানির পশু কেনার জন্য ৭৩ হাজার টাকা নিয়ে বের হন। এ সময় ওত পেতে থাকা আট-দশজনের একদল সন্ত্রাসী তাঁর পথ রোধ করে তাঁকে জাপটে ধরে। সন্ত্রাসীরা এ সময় মহিউদ্দিনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে তাঁর মাথায় কুপিয়ে আহত করে।এ সময় মহিউদ্দিনের চিৎকার শুনে দোকান থেকে ছেলে ফয়েজউল্লা এগিয়ে এলে তিনি টাকাগুলো তার কাছে দেন। এরপর সন্ত্রাসীরা ফয়েজউল্লার ওপরও হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে সব টাকা নিয়ে যায়। একই সময় সন্ত্রাসীরা মহিউদ্দিনের দোকানে ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল লুট করে। পরে পিতা-পুত্রের চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।জানতে চাইলে হামলার ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্থানীয় মাসুম বিল্লা ও দিনাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তবে যাঁরা আহত হয়েছেন, হামলাকারীদের সঙ্গে তাঁদের আগের বিরোধ রয়েছে শোনা যাচ্ছে।