পিতা-পুত্রসহ পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামে বর্গাচাষি রুহুল আমিনকে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ পাঁজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল হাসেম ও তাঁর ছেলে নূরনবী, আবদুল হক ও তাঁর ছেলে মো. রাসেল এবং আবদুর রহিম। একই আদেশে আদালত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল হাসেম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আসামিরা পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তৎকালীন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা-পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে।