গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নূরুল ইসলাম এবং তাঁর ছেলে কবি ইসলাম তমোহরের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁর পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করা হলেও এর তদন্ত আজও শেষ হয়নি। তাঁরা বিশেষজ্ঞ দলের মাধ্যমে প্রয়োজনীয় আলামত সংগ্রহ, সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ফরেনসিক পরীক্ষা দাবি করেন।গতকাল বুধবার ইসলাম তমোহরের জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এই দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সড়কদ্বীপে নাগরিক কমিটি ওই সভা আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করে কবি তমোহর উন্নয়নকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন।২০০৮ সালের ৩ ডিসেম্বর রহস্যজনক অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মারা যান ইসলাম তমোহর। পরের দিন হাসপাতালে মারা যান নূরুল ইসলাম। গতকাল পরিবারের সদস্য, সুহূদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা-কর্মী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্মরণসভায় অংশ নেন। এ সময় সংগীত পরিবেশন করে এবং প্রদীপ জ্বালিয়ে তমোহরকে স্মরণ করা হয়। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি করা হয় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার।স্মরণসভায় নূরুল ইসলামের স্ত্রী ও তমোহরের মা সাংসদ রুবী রহমান বলেন, ‘আমার স্বামী এ দেশের উন্নতির জন্য ১৯৭১ সালে স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু এই মাটিতেই তিনি হত্যার শিকার হয়েছেন। আমি স্বামী, সন্তান সবই হারিয়েছি। এখন আমার একটাই চাওয়া, যারা এই ঘটনায় জড়িত ছিল, তারা যেন বিচারের সম্মুখীন হয়।’গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম বলেন, এই মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয়জন তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই তদন্ত এখন প্রায় বন্ধই হয়ে গেছে।স্মরণসভায় সাংসদ ফজলে নূর তাপস ও নূর আফরোজ আলী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, অজয় রায়, নারীনেত্রী মাহফুজা খানম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস, হাজারীবাগ ট্যানারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।