পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে সংসদে বেসরকারি বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি বিল পিতামাতার ভরণপোষণ আইন, ২০১১ উত্থাপিত হয়েছে। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু বিলটি উত্থাপন করেন। এরপর বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলে বলা হয়েছে, পিতামাতার ভরণপোষণ সন্তানদের নিশ্চিত করতে হবে। পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে তাঁদের বৃদ্ধনিবাসে রাখা যাবে না। পিতামাতা পৃথক বসবাস করলে সন্তান তাঁর বার্ষিক আয়ের ১০ শতাংশ তাঁদের দেবেন। সন্তানেরা পিতার অবর্তমানে দাদা-দাদি ও মাতার অবর্তমানে নানা-নানির ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। কেউ আইনের এসব বিধান অমান্য করলে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অসহায় ও সহায়-সম্বলহীন বাবা-মা, দাদা-দাদির প্রতি তাঁদের সন্তানদের দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।মন্ত্রীর অনুপস্থিতিতে অসন্তোষ: গতকাল বেসরকারি সদস্য দিবসে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির অনুপস্থিত থাকায় তাঁদের হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারি দলের আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেন। সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে মজিবুল হক এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।হরতাল প্রত্যাহারের আহ্বান: পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আগামী সোমবার আহূত হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। তিনি আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসায় সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আড়িয়ল বিল এলাকার জনগণকে পুলিশ নানাভাবে হয়রানি করছে। তিনি এ হয়রানি বন্ধের অনুরোধ জানান।তারানা হালিম সংসদের বিশেষ একটি দিনকে ‘পার্লামেন্টারিয়ান এইডস অ্যাওয়ারনেস ডে’ হিসেবে পালনের জন্য সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। এর পক্ষে তিনি বলেন, দিবসটি পালনের মাধ্যমে এইডস প্রশমনে জনমত গঠন করা সম্ভব। তবে আবুল কালাম আজাদের (স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে) অনুরোধে তিনি প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন সরকারি দলের নুরুল ইসলাম ও ইসরাফিল আলম। এই আলোচনা শেষে সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।