চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার মামলায় পিতা-পুত্রসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হাসান, তাঁর ছেলে আবুল মনসুর, হাসানের ভাইপো মো. শহীদুল্লাহ ও মো. জাহেদুল্লাহ। আসামিদের মধ্যে হাসান ছাড়া বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার আনোয়ারুল ইসলাম, শফিউল আলম ও জসীম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের ভাই মাহাবুল আলম বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৬ জুন পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।