পিতৃত্বের দাবিদার দুজন, শিশু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রিদুয়ান
মো. রিদুয়ান

বছর দশেক বয়স ছেলেটির। অপরাধী না হয়েও এক মাস ধরে আছে কারাগারে। চার দেয়ালের এই বন্দিজীবন তার ভালো লাগে না। সে ফিরে যেতে চায় পরিবারের কাছে, কিন্তু কার কাছে যাবে? তার পিতৃত্ব দাবিদার দুই ব্যক্তি। বিষয়টি আদালতে গড়িয়েছে। সেই লড়াই শেষ না হওয়া পর্যন্ত নিরপরাধ এই শিশুর জায়গা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
গত সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শিশুটিকে আনা হয় আদালতে। পরনে কমলা রঙের টি-শার্ট ও কালো জিনস প্যান্ট। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে সে। এ সময় প্রথম আলোকে সে বলে, ‘কারাগারে অন্য শিশুরা আমাকে মারে। ভালো লাগে না। আমি বাড়ি ফিরে যেতে চাই।’
মামলার নথি থেকে জানা গেছে, গত ৮ জুলাই থেকে কারাগারে আছে ছেলেটি। ফটিকছড়ি থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষাপটে তাকে কারগারে নিরাপদ হেফাজতি হিসেবে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। নুর মোহাম্মদ ও আবু জাফর নামের দুই ব্যক্তি দাবি করছেন, শিশুটি তাঁদেরই হারিয়ে যাওয়া ছেলে। দুজনেই তাকে পেতে আদালতে আবেদন করেছেন। সোমবার বিচারিক হাকিম কুদরতই এলাহী শিশুটির পিতৃত্ব নির্ধারণের জন্য নুর মোহাম্মদ ও জাফরের এবং তাঁদের স্ত্রীদের ডিএনএ পরীক্ষার আদেশ দেন।
প্রশ্নের জবাবে ছেলেটি প্রথম আলোকে বলে, ‘আমার নাম মো. রিদুয়ান। বাড়ি বাঁশখালী। আমরা চার বোন, দুই ভাই। বাবার নাম নুর মোহাম্মদ।’ ফটিকছড়ির আবু জাফরকে চেনে কি না জানতে চাইলে সে বলে, ‘উনাকেও চিনি।’
তবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত। বাবা সম্পর্কে একেক সময় সে একেক তথ্য দিচ্ছে।
জিডির তদন্ত কর্মকর্তা ফটিকছড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাফিদুল ইসলাম জানান, গত ৭ জুলাই শিশুটিকে নিয়ে থানায় হাজির হন আবু জাফর । তিনি দাবি করেন, ওই দিনই উপজেলার পূর্ব ফরহাদাবাদ দারুস ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসার সামনে তাঁকে পাওয়া গেছে। এ তাঁরই ছেলে, নাম এহসানুল করিম। গত বছরের ৬ সেপ্টেম্বর ফটিকছড়ি থেকে সে নিখোঁজ হয়। ওই ঘটনায় তিনি ফটিকছড়ি থানায় জিডি করেছিলেন।
অপরদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়চটা খানখানাবাদ ইউনিয়নের নুর মোহাম্মদ খবর পেয়ে ছুটে আসেন ফটিকছড়ি থানায়। তিনি দাবি করেন, এটি তাঁরই হারিয়ে যাওয়া ছেলে রিদুয়ান। গত ২৯ জুন সে নিখোঁজ হয় পূর্ব ফরহাদাবাদ দারুস সুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে। ওই ঘটনায় তিনিও ফটিকছড়ি থানায় জিডি করেছিলেন।
এএসআই রাফিদুল আরও জানান, দুই ব্যক্তি পিতৃত্বের দাবি করায় শিশুটিকে ৮ জুলাই আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে ওই দুই ব্যক্তি ও তাঁদের স্ত্রীদের ডিএনএ পরীক্ষা করা হবে। ফলাফল পাওয়ার পর আদালতে তা জমা দেওয়া হবে। পরে আদালত ঠিক করবেন কে এই শিশুর বাবা।
বাঁশখালীর নুর মোহাম্মদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে রিদুয়ানকে প্রথমে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণিতে ভর্তি করি। সেখান থেকে হাটহাজারীর ফতেয়াবাদে একটি মাদ্রাসায় দেওয়া হয়। নিখোঁজ হওয়ার আট মাস আগে ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ দারুস সুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসায় কোরআন হেফজ বিভাগে ভর্তি করি। সেখান থেকেই সে নিখোঁজ হয়।’
আর ফটিকছড়ির আবু জাফর প্রথম আলোকে জানান ‘সে আমারই ছেলে। তার নাম এহসানুল করিম। গত বছর তাঁর শ্বশুরবাড়ি ফটিকছড়ির ধুরং খাল এলাকা থেকে সে নিখোঁজ হয়।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, পিতৃত্বের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ছেলেটিকে হেফাজতে রাখা হবে। তার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।