পিতৃপরিচয় মিলেছে ডিএনএ পরীক্ষায়
ধর্ষণের বিচার এবং সন্তানের পিতৃপরিচয়ের আশায় এত দিন দ্বারে দ্বারে ঘুরছিলেন বাকপ্রতিবন্ধী নারীটি। দীর্ঘ এক যুগের সংগ্রামে ক্লান্ত নারী এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে বাকপ্রতিবন্ধী নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যাশিশুটি আসামি নিমাই দের ঔরসজাত। আদালতের রায়ের অপেক্ষায় এখন দিন গুনছেন এই নারী।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং পরীক্ষাগারে (এনএফডিপিএল) এই পরীক্ষা হয়। পরীক্ষার প্রতিবেদনে শিশুটির সঙ্গে নিমাই দের ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। প্রতিবেদনে নিমাই দেকে শিশুটির ‘বায়োলজিক্যাল ফাদার’ উল্লেখ করা হয়েছে।
এনএফডিপিএলের এই প্রতিবেদনটি তৈরি করা হয় গত ১২ সেপ্টেম্বর। এর আগে গত ১৯ আগস্ট নির্যাতিতা নারী, তাঁর ১১ বছর বয়সী শিশুকন্যা ও আসামি নিমাই দের চট্টগ্রাম মেডিকেল কলেজে নমুনা নেওয়া হয়।
আসামি নিমাই দে ধর্ষণের বিষয়টি অস্বীকার করায় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গত ২৪ মার্চ তাঁদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে মামলাটি দেখাশোনার দায়িত্ব চন্দনাইশ থানার উপপরিদর্শক হুমায়ুন কবির মৃধার। ডিএনএর অনুলিপি থানায়ও দেওয়া হয়েছে।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘আসামি অনেক তালবাহনা করেছে ডিএনএ না করার জন্য। শেষ পর্যন্ত ধরে নিয়ে গিয়ে তাঁকে করিয়েছি। ডিএনএ পরীক্ষায় নিমাই দেকে শিশুটির বায়োলজিক্যাল ফাদার বলা হয়েছে। এখন আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে।’
আদালত সূত্রে জানা গেছে, চন্দনাইশের পাঠানদণ্ডীর বাকপ্রতিবন্ধী মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিলেন ২০০১ সালের ৪ এপ্রিল। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করেন আসামি নিমাই দে ও তাঁর বড় ভাই উজ্জ্বল দে। কিন্তু বিয়ে নিয়ে গড়িমসি করলে ২০০১ সালের ৬ মে বাকপ্রতিবন্ধী নারীটির বাবা গোপাল দে মামলা করেন।
জানা গেছে, ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বাকপ্রতিবন্ধী নারীটি। ওই বছরের ১২ নভেম্বর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এির আগে ২০০১ সালের ৮ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন চন্দনাইশ থানা পুলিশ। তদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করা হয়।
এদিকে ডিএনএ প্রতিবেদন আসার পর থেকে নিমাই দে পলাতক রয়েছেন।