পিতৃপরিচয় পাওয়ার আগেই মারা গেল সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর ভয়েরা বেপারীকান্দী গ্রামের ইমান হোসেনের (৬৫) বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত ১৩ বছরের এক কিশোরী। ইমান হোসেন তাকে কয়েক দফা ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ২ জানুয়ারি ওই কিশোরী একটি ছেলেসন্তানের জন্ম দেয়। পিতৃপরিচয়ের জন্য সংগ্রাম করতে হবে ভেবে পরিবারের সদস্যরা তার নাম রাখেন সংগ্রাম। পিতৃপরিচয় পাওয়ার আগেই গত শনিবার ভোরে সংগ্রামের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দরিদ্র এক কৃষকের মেয়ে ওই কিশোরী গত মার্চে ধর্ষণের শিকার হয়। এরপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
পরে মেয়েটির বাবা গত ২০ অক্টোবর ডামুড্যা থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামি ইমান হোসেন পলাতক রয়েছেন।
ঘটনাটি জানার পর জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুরের সভানেত্রী রওশন আরা বেগম মেয়েটির পক্ষে মামলা পরিচালনা করেন। এরপর ২ জানুয়ারি ওই কিশোরী হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেয়।
শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার ওই কিশোরী ও তার মা শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিশোরী ও তার মায়ের অভিযোগ, পথে ইমান হোসেনের পরিবারের সদস্যরা তাদের বাধা দেন এবং মারধর করেন। ফলে তারা শিশুটিকে হাসপাতালে নিতে পারেনি। চিকিৎসার অভাবে শনিবার ভোরে শিশুটি মারা যায়। ঘটনাটি ডামুড্যা থানায় জানালে পুলিশ অপমৃত্যু মামলা নিয়ে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করে।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আহমেদ খান বলেন, শিশুটির বাবার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা থাকায় শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওই কিশোরীর বাবা বলেন, ‘ইমান আমার মেয়ের সর্বনাশ করেও ক্ষান্ত হয়নি। তাঁর পরিবারের সদস্যরা নিয়মিত আমাদের ভয়ভীতি দেখায় ও মারধর করেন। তাঁদের কারণেই আমার মেয়ের সন্তানটি মারা গেছে।’