‘বাড়িতে আশ্রয় নেওয়া পাখি মাইরো না, মারতেও দিয়ো না। পারলে সেবা দিয়ো...।’ মৃত্যুর আগ মুহূর্তে বাবা তাঁর ছেলেদের এ কথা বলেছিলেন। বাবার কথা রক্ষায় ছেলেরা ১৫ বছর ধরে নিজ বাড়িতে পাখিদের সেবা দিয়ে যাচ্ছেন। সেবা পেয়ে বকসহ নানা প্রজাতির প্রচুর পাখি এসে বাসা বাঁধে বাড়ির বাঁশঝাড় ও গাছগাছালিতে। বাবাভক্তির এ কাহিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর গ্রামের।ওই গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের বাড়ির লোকজনের পাখিসেবার বিষয় সবার জানা থাকলেও এর পেছনে বাবাভক্তির কথা ছিল অনেকের অজানা। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাখিসেবা দেওয়া ওই বাড়িমালিকদের সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে হাবিবুর রহমানের ছোট ছেলে দুদু মিয়া প্রকাশ করেন তাঁদের পাখিসেবার পেছনের কথা।প্রায় ১৫ বছর আগে মারা যান হাবিবুর রহমান। পাখিপ্রেমী ছিলেন তিনি। তাঁর বাড়ির গাছগাছালিতে বিচরণ ছিল নানা প্রজাতির পাখির। মৃত্যুর আগে পাঁচ ছেলেকে কাছে ডেকে ‘পাখি মাইরো না...সেবা দিয়ো...’ কথাগুলো বলে চোখ বুজেছিলেন। সে ১৯৯৭ সালের কথা। কথাগুলো ছেলেদের কাছে ‘বাবার অন্তিম কথা’ হিসেবে মনে গেঁথে যায়। সেই থেকে ছেলেরা পাখিদের সেবা দিয়ে যাচ্ছেন।ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার ধবল বক আশ্রয় নিয়েছে গাছগাছালিতে। প্রায় ২৪০ শতাংশ আয়তনের বাড়িটির এমন কোনো গাছ নেই, যে গাছে পাখির বাসা নেই। বক ও পানকৌড়ির বাসার ভারে বাড়ির পশ্চিম দিকের বাঁশঝাড়টি যেন নুইয়ে পড়েছে। বকের একদল সদ্য ফোটা বাচ্চাকে দেখা গেল। ডানা মেলে ওড়ার কসরতে আছে আরেক দল। আর প্রথম উড়তে শেখার আনন্দে অপর দলটি এ-গাছ থেকে ও-গাছে ওড়াউড়ি করছে।বাড়ির লোকজনের হিসাব অনুযায়ী, এ মৌসুমে (বৈশাখ থেকে আষাঢ়) জন্ম নেওয়া বকের সংখ্যা ১৫ থেকে ২০ হাজার হবে। গত দেড় দশকে এ বাড়িতে কয়েক লাখ বক বেড়ে উঠেছে।হাবিবুর রহমানের ছেলেরা এখনো যৌথ পরিবারেই আছেন। ৯ জুন তাঁদের বাড়িতে কিছু সময় থেকে পাখিসেবার নানা কৌশল দেখা যায়। বাঁশঝাড়ে সদ্য ফোটা দুই জোড়া বকছানার মধ্য থেকে হঠাৎ ঝোড়ো হাওয়ায় তিনটি মাটিতে পড়ে যায়। ছানাদের আর্তনাদে মা-বক উদ্ভ্রান্তের মতো ওড়াউড়ি করছিল। বারকয়েক মা-বকের ওড়াউড়ি দেখে বাসাটি শনাক্ত করা হয়। পরে ছানাগুলো আগলে ধরে নিরাপদে বাসায় তুলে দেন দুদু মিয়া। তিনি জানান, বর্ষা শেষে বকেরা হাওর-বাঁওড়ের দিকে চলে যাবে। তখন বাড়ির গাছগাছালিতে ঠাঁই নেবে টিয়াসহ নানা জাতের দেশীয় পাখি।বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘ওই বাড়ির আশপাশে আরও অনেক বাড়ি আছে। কিন্তু সব পাখির বিচরণ শুধু ওই এক বাড়িতে দেখে বিস্মিত হয়েছিলাম। পরে যখন জানলাম, এর পেছনে তাঁদের প্রয়াত বাবার স্মৃতি জড়িত, তখন শ্রদ্ধাবোধ জাগে তাঁদের প্রতি।’