পিতৃহত্যার জন্য জাহিদকে দায়ী করলেন দুই সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা জাহিদ হোসেনকে ‘খোকন রাজাকার’ উল্লেখ করে তাঁদের পিতৃহত্যার জন্য তাঁকে দায়ী করেছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. ইদ্রিস সরদার (৫৬) ও সপ্তম সাক্ষী আবদুল আজিজ মাতুব্বর (৬৩)। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন খান তাঁদের জবানবন্দি নেন।
জবানবন্দিতে ইদ্রিস সরদার বলেন, তাঁর বাড়ি নগরকান্দার মেহেরদিয়া গ্রামে। একাত্তরের ৩১ মে অন্য রাজাকারদের সঙ্গে নিয়ে খোকন রাজাকার (জাহিদ) ও পাকিস্তানি সেনারা তাঁদের বাড়িতে হামলা চালায়। রাজাকাররা তাঁদের বাড়িতে আগুন দেয়। তিনি বাড়ি থেকে পালিয়ে পাশের জঙ্গলে আশ্রয় নেন, কিন্তু খোকন রাজাকার তাঁর বাবা সফিজউদ্দিন সরদারকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি দুটি গুলির শব্দ শোনেন। রাজাকার ও পাকিস্তানি সেনারা চলে গেলে তিনি জঙ্গল থেকে বের হন এবং বাবার রক্তাক্ত ও গুলিবিদ্ধ লাশ দেখেন। স্থানীয় সেকেন মাতুব্বরকে এই খবর জানাতে গেলে আজিজ মাতুব্বর তাঁকে বলেন, খোকন রাজাকার তাঁর বাবাকে গুলি করে হত্যা করেছে।
একই গ্রামের বাসিন্দা আবদুল আজিজ মাতুব্বর জবানবন্দিতে বলেন, একাত্তরের ৩১ মে খোকন রাজাকারসহ অন্য রাজাকাররা ও পাকিস্তানি সেনারা তাঁদের গ্রামের মসজিদের পাশে যায়। তিনি সে সময় পাটখেতে কাজ করছিলেন। খোকন রাজাকার হাতের রাইফেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা তাঁর ডান কানের পাশ দিয়ে চলে যায়। তাঁর বাবা আসিরউদ্দিন মাতুব্বর মসজিদে আশ্রয় নিয়েছিলেন। খোকন রাজাকার তাঁর বাবাকে মসজিদ থেকে টেনে বের করে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন। ঝোপের আড়াল থেকে তিনি এ হত্যাকাণ্ড দেখেন।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীকেই জেরা করেন। এই মামলায় আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
কায়সারের বিরুদ্ধে মামলা মুলতবি: সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ৫ ডিসেম্বর পর্যন্ত
মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল কায়সারের আইনজীবী আবদুস সোবাহান তরফদার সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।