পিতৃহত্যার প্রতিশোধ নিতে জবাইয়ের চেষ্টা!
নারায়ণগঞ্জে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে প্রকাশ্যে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরনবীনগর গ্রামে দিল্লিক নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা হত্যা করে। ওই হত্যা মামলায় আবুল কাশেমসহ অন্য আসামিরা দীর্ঘদিন কারাগারে ছিলেন। কয়েক দিন আগে তাঁরা বেকসুর খালাস পান।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গতকাল বেলা ১১টার দিকে নিহত দিল্লিকের ছেলে সলিমুল্লাহ ও তাঁর লোকজন বক্তাবলী ফেরিঘাটে আবুল কাশেমের ওপর হামলা চালিয়ে তাঁর হাত-পায়ের রগ কেটে দেন। হামলার সময় সলিমুল্লাহ চিৎকার করে বলতে থাকেন, ‘আমার বাবাকে তুই হত্যা করেছিলি। আদালত থেকে রেহাই পেলেও আমার আদালত থেকে তোর রেহাই নেই।’ এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কাশেমকে প্রকাশ্যে জবাই করার চেষ্টা করেন। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।