পিনাক দুর্ঘটনায় দায়ীদের বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে এমএল পিনাক-৬ দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার হয়নি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মাত্র। গতকাল ছিল ওই দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তি।
সেই দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে পিনাক-৬-এর মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালু মিয়া, মাস্টার, চালক এবং কাওড়াকান্দি ঘাটে নিয়োজিত বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হয়। দায়ীদের বিরুদ্ধে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নৌ আদালতে মামলা করা হয় গত বছরের সেপ্টেম্বরে। কিন্তু এখন পর্যন্ত বিচারকার্য সম্পন্ন হয়নি। অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। ওই দুর্ঘটনায় ৪৯টি লাশ উদ্ধার হয়। ৬৪ জনের খোঁজ পাওয়া যায়নি।
পিনাক দুর্ঘটনার জন্য লঞ্চের জরিপকারক ও টোকেন সরবরাহকারীকেও পরোক্ষভাবে দায়ী করা হয়েছিল। এ জন্য জরিপকারক ও টোকেন সরবরাহকারী মির্জা সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও সাত মাস পর তাঁকে আবার বহাল করা হয়।
পিনাক-৬ দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত যাত্রীবোঝাই এবং ঘাটের অব্যবস্থাপনাকে প্রধান তিনটি কারণ হিসেবে উল্লেখ করেছিল তদন্ত কমিটি। লঞ্চ চলাচলে ভবিষ্যতে এ ধরনের কারণকে গুরুত্ব দেওয়ার সুপারিশও করেছিল কমিটি। এই প্রথমবারের মতো কমিটির সুপারিশগুলো কিছু অনুসরণ করা হয়েছে। তাই ঈদুল ফিতরে এবং প্রাকৃতিক দুর্যোগে এবার কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি।
গত ঈদুল ফিতরের আগে ও পরে এবং টানা বৃষ্টিসহ সাম্প্রতিক ও চলমান প্রাকৃতিক দুর্যোগে পিনাক তদন্ত কমিটির তিনটি বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন সমুদ্র পরিবহন অধিদপ্তর এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা।
নৌ সংস্থাগুলো জানিয়েছে, পর্যাপ্ত জনবল না থাকায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী লঞ্চের জরিপকাজের বিষয়টি সঠিকভাবে অনুসরণ করা যাচ্ছে না। দেশে ৮০০ যাত্রীবাহীসহ নয় হাজারেরও বেশি নৌযান রয়েছে। এগুলো জরিপের জন্য মাত্র তিনজন স্থায়ী জরিপকারক ও দুজন অতিরিক্ত দায়িত্বের জরিপকারক রয়েছেন। প্রয়োজন ২৪ জনের।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পিনাক তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুসরণের চেষ্টা করা হয়েছে।