পিনাক-৬ উদ্ধারে ব্যর্থতা প্রশাসনিক নয়, প্রাকৃতিক: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ প্রাকৃতিক কারণে উদ্ধার করা যায়নি। এ ক্ষেত্রে সরকারের প্রশাসনিক বা প্রযুক্তিগত কোনো ব্যর্থতা নেই।

আজ সোমবার সাংসদ সেলিনা জাহানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসের বৈঠক বসে।

প্রশ্নের জবাবে নৌমন্ত্রী আরও বলেন, পিনাক-৬ লঞ্চের উদ্ধারকাজের ব্যর্থতা প্রশাসনিক বা প্রযুক্তিগত নয়, বরং প্রাকৃতিক। লঞ্চটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়। একটানা উদ্ধারকাজের ষষ্ঠ দিনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি ধাতব বস্তু শনাক্ত করা হয়। কিন্তু পদ্মা নদীতে ঘণ্টায় ছয় নটিক্যাল মাইল বা ১৫ কিলোমিটারের অধিক গতির স্রোত, পানির নিচে ঘূর্ণি এবং গভীরতার কারণে ডুবুরিদের জীবনের ঝুঁকি ছিল। এ জন্য তাঁরা চিহ্নিত স্থানে পৌঁছাতে পারেননি। এর ফলে শনাক্ত করা ধাতব বস্তুটিও উদ্ধার করা সম্ভব হয়নি। শনাক্ত করা ধাতব বস্তুটি পিনাক-৬ লঞ্চ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর অষ্টম দিনে এসে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

এম এ হান্নানের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, সরকারের পক্ষ থেকে পিনাক-৬ ডুবে যাওয়ার ১৫টি কারণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া, মাস্টার-চালকদের ভুল সিদ্ধান্ত, যাত্রীদের অজ্ঞতা ও অসচেতনতা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্কের কারণে এদিক সেদিক ছোটাছুটির ফলে লঞ্চটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, স্বাধীনতার পর নৌপথে এ পর্যন্ত ৫৫৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে চার হাজার ৫০০ লোক মারা যায়।