পিনাক-৬ ডুবে যাওয়া তদন্তে আরও সময় পেল কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় আজ সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন থাকলেও তা দিতে পারেনি এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। বরং কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য আরও সাত দিন সময় দেওয়া হয়েছে।

৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া আসার পথে মাওয়া ঘাটের অদূরে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।
লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান যুগ্ম সচিব নুর-উর-রহমান।

কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে। সময়মতো তদন্ত কাজ শুরু করতে না পারায় আরও সময় চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে ১০ দিনের সময় বাড়ানোর আবেদন জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় নীতিগতভাবে আবেদন মঞ্জুর করে কমিটিকে আরও সাতদিনের সময় দিয়েছে।

অন্যদিকে নুর-উর-রহমান আজ বাসসকে জানান, লঞ্চডুবির ঘটনায় ১৩ জন প্রত্যক্ষদর্শীসহ এ পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে এম এল পিনাক-৬ ডুবে যাওয়ার তদন্তটি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন।

তদন্ত কমিটির প্রধান আরও জানান, ‘বেঁচে যাওয়া যাত্রীদের যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা বলেছেন, অতিরিক্ত যাত্রীর কারণেই লঞ্চটি ডুবেছে। তাঁরা তাঁদের স্বজনহারানোর বেদনার কথা বলেছেন। বলেছেন লঞ্চ ডুবে আর কারও যেন প্রাণহানি না ঘটে।’

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের শিক্ষক গৌতম কুমার সাহা, সমুদ্র পরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফিরোজ আহমেদ, বিআইডব্লিউটিসির প্রতিনিধি আবদুুল রহিম তালুকদার ও মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার।