পিনাক-৬ শনাক্তকরণকাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ডুবে যাওয়া লঞ্চ এমভি পিনাক-৬ উদ্ধার না করেই এর শনাক্তকরণকাজ স্থগিত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে লাশ উদ্ধারকাজ অব্যাহত থাকবে।


লঞ্চডুবির আট দিনের মাথায় আজ সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। মাওয়া ঘাটে ‘পদ্মা রেস্ট হাউসে ’এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


জেলা প্রশাসক বলেন, বর্তমানে নদীতে ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। তাই বাস্তবতা, সময়, নদীর স্রোত ও আবহাওয়ার কথা বিবেচনা করে আপাতত এই লঞ্চ শনাক্ত করার কোনো সম্ভাবনা নেই। তবে সেখানে সব সময়ই একটি উদ্ধারকারী জাহাজ থাকবে। আর বর্তমানে স্থানীয় পদ্ধতিতে উদ্ধার অভিযান চলছে, সেটি চলবে।


জেলা প্রশাসনের সর্বশেষ হিসাবে এই লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। আর শনাক্ত করা যায়নি এমন ১৮ জনের মধ্যে ১৭ জনকে দাফন করা হয়েছে। বাকি থাকা একজনকে আজ শনাক্ত করা না গেলে বাদ আসর তাকে দাফন করা হবে। সরকারি হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন।


গত সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া আসার পথে পিনাক-৬ ডুবে যায়।


লঞ্চডুবির ষষ্ঠ দিন শনিবার পদ্মার তলদেশে সুনির্দিষ্ট ওই ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর ওই দিন এবং গতকাল দিনভর চেষ্টা চালিয়েও কিছুই শনাক্ত করতে পারেনি উদ্ধারকারী দল।


এ অবস্থার মধ্যে গতকাল দুপুরে পিনাক-৬ উদ্ধার অভিযান কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাদে বাকি সবাইকে প্রত্যাহার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য রাখা হয়েছিল কান্ডারি-২ ও জরিপ-১০। তবে তীব্র স্রোত আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই কাজও বারবার ব্যাহত হওয়ার ফলে আজ এই কাজটিও স্থগিত ঘোষণা করা হয়।