পিনাক-৬-এর মালিকের অন্তর্বর্তীকালীন জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিকের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।
আদালতে আবু বকরের পক্ষে ছিলেন আইনজীবী মনছুরুল হক চৌধুরী ও হারুনুর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ। আদেশের বিষয়টি জানিয়ে মো. বশিরুল্লাহ প্রথম আলোকে বলেন, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
গত বছরের ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। ৫ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূইয়া। একই বছরের ১৪ আগস্ট আবু বকর গ্রেপ্তার হন। নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।