পিনাকের মালিক আবু বকর ও তাঁর ছেলে চার দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬-এর মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালু (৬০) ও তাঁর ছেলে ওমর ফারুক ওরফে লিমনের (৩০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আমলি আদালত-৬-এর হাকিম হারুন অর রশীদ দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এ দুজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
৪ আগস্ট প্রায় ৩০০ যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূঁইয়া বাদী হয়ে পিনাকের মালিক আবু বকর সিদ্দিক, তাঁর ছেলে ওমর ফারুকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন। মামলার পর আবু বকর ও ওমর ফারুক আত্মগোপনে ছিল। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার হাউজিং সোসাইটির একটি বাসা থেকে আবু বকরকে আটক করে র্যাব। এর দুই দিন পরেই গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ওমর ফারুককে।