মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ উদ্ধারের অভিযান বন্ধ করে দেওয়াকে সরকারের ব্যর্থতা বলে মনে করছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে আয়োজিত ‘নৌপথ ও নৌ নিরাপত্তার বর্তমান অবস্থা: করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নৌ খাতে সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও সরকার লঞ্চ উদ্ধার করতে পারল না। আরও কিছুদিন অভিযান চালানো উচিত ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি হিসাব অনুযায়ী গত ৩০ বছরে নৌ দুর্ঘটনায় প্রতিবছর গড়ে প্রায় ১৩০ জন মারা গেছেন। প্রতিটি নৌ দুর্ঘটনায় গড়ে মারা গেছেন ২২ জন।
সংবাদ সম্মেলনে নৌ দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরে দুর্ঘটনা রোধে কতগুলো সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে সড়কপথের মতো নৌপথেও ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা, নৌযান জরিপের জন্য বিশেষজ্ঞ দল গঠন, নৌযানচালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইনের বিধান অনুসারে নৌপরিবহন প্রধান জেলাগুলোতে পৃথক নৌ আদালত প্রতিষ্ঠা, নৌ খাতে দ্বৈত ব্যবস্থাপনা বিলোপ করা।
সংবাদ সম্মেলনে লিখিত প্রবন্ধ পড়েন পবার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন। বক্তব্য দেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব আমিনুর রসুল প্রমুখ।