পিনাক-৬ মালিকের অন্তর্বর্তীকালীন জামিন
পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় লঞ্চমালিক আবু বকর সিদ্দিকের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবু বকরের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও হারুন অর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। পরে আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
গত বছরের ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে এম এল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল।
আইনজীবী সূত্র জানায়, ওই ঘটনায় ৫ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বিআইডব্লিউটিএ মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূঁইয়া।