২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা পাকিস্তানি নাগরিক আবদুল মজিদ ভাটের আবেদনের শুনানি শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার সাবেক আইজিপি আশরাফুল হুদার অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়েছে।গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি হয়। গতকাল ছিল আসামিপক্ষের অব্যাহতির আবেদনের শুনানির অষ্টম দিন।গতকাল আসামি আবদুস সালাম পিন্টু প্রথমে নিজেই শুনানি করেন। তাঁর আইনজীবী তারা মিয়া উপস্থিত ছিলেন।আশরাফুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী টি এম আকবর। শুনানি শেষে বিচারক শাহেদ নুর উদ্দিন ২৮ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।এ ছাড়া আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক শহুদুল হক, আশরাফুল হুদা ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে অব্যাহতির আবেদন দাখিল করা হয়েছে।গতকাল আবদুস সালাম পিন্টু আদালতকে বলেন, সেনা কর্মকর্তা মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মনিরুল ইসলাম, লে. কর্নেল (চাকরিচ্যুত) আফজাল নাছির ভূঁইয়া, নৌবাহিনীর লে. কমান্ডার মিজানুর রহমান, ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি, র্যাবের তৎকালীন কর্মকর্তা মেজর আতিকুর রহমানকে সাক্ষী করা হয়েছে। এই মামলায় যাঁদের আসামি হওয়ার কথা, তাঁদেরই সাক্ষী করা হয়েছে।গতকাল পর্যন্ত ১৯ জন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।