পিন্টুকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
দলের সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে করা মামলাকে প্রহসন বলে উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, সরকারি ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্যই দুরভিসন্ধিমূলকভাবে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
পিলখানা হত্যা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সামগ্রিক রায় নিয়ে আমরা কথা বলছি না। এটি আমাদের বিষয় নয়। আমরা শুধু বলছি পিন্টুকে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি তাতে জড়িত বলে অভিযোগ উঠেছিল। সেসব আমলে না নিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পিন্টুকে সাজা দিয়েছে।