পিন্টুকে অন্যায়ভাবে যাবজ্জীবন দেওয়া হয়েছে: ফখরুল

পিলখানা হত্যা মামলায় বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুুকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসত্য ও বানোয়াট মামলায় পিন্টুকে জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।
আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
দলের সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুুর বিরুদ্ধে মামলাকে প্রহসন বলে উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, সরকারি ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্যই দুরভিসন্ধিমূলকভাবে পিন্টুকে শাস্তি দেওয়া হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সামগ্রিক রায় নিয়ে আমরা কথা বলছি না। এটি আমাদের বিষয় নয়। আমরা শুধু বলছি পিন্টুকে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি তাতে জড়িত বলে অভিযোগ উঠেছিল। সেসব আমলে না নিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পিন্টুকে সাজা দিয়েছে।
‘গণতন্ত্রকামী মানুষ’ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে দাবি করে ফখরুল বলেন, ‘বিরোধী দলের আন্দোলনে সাড়া দিয়ে মানুষ দোকানপাট বন্ধ রেখেছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখেছে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, আজ সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির সাংসদদের মিছিলে মহিলা যুবলীগের ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী দলের মিছিলে হামলা চালাচ্ছে। এক মাস আগ থেকে বৈধ-অবৈধভাবে এসব অস্ত্র সরবরাহ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
হরতাল প্রত্যাহার করে আলোচনায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তার জবাবে ফখরুল বলেন, কথা শুনে মনে হয়, তাঁরা ধর্মপুত্র যুধিষ্ঠির, কেউ কখনো হরতাল করেননি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের আন্দোলন নস্যাত্ করতে চাইছে। পাবনার সাঁথিয়ার ঘটনা সেই চক্রান্তের অংশ বলে তিনি দাবি করেন। জয়ের বক্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, জয়ের বক্তব্য অলীক, উদ্ভট।
এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সরকার দাবি মানতে বাধ্য হবে।
মির্জা ফখরুল দাবি করেন, দ্বিতীয় দিনের হরতালে বিরোধী দলের এক কর্মী নিহত, ছয় শতাধিক কর্মী গ্রেপ্তার, দুই হাজার ১০০ নেতা-কর্মী আহত হয়েছেন।