পিলখানা হত্যাযজ্ঞ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর আবেদন উত্থাপন করা হয়নি বিবেচনায় সেটি খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।এ ব্যাপারে পিন্টুর কৌঁসুলি এস এম শাজাহান প্রথম আলোকে জানান, আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে সেটি খারিজ করেছেন আদালত। কাজেই পরবর্তী সময়ে হাইকোর্টে আবেদনটি উপস্থাপন করতে আইনগত আর কোনো বাধা নেই।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল এবং পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও এস এম শাজাহান।জানা গেছে, পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গত ২০ জুলাই পিন্টুসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের বিরুদ্ধে গত ২১ আগস্ট নাসির উদ্দিন পিন্টু হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন।