পিন্টুর জামিন আবেদন খারিজ করলেন তৃতীয় বিচারপতি
পিলখানা হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর জামিনের আবেদন খারিজ করে রায় দিয়েছেন তৃতীয় বিচারপতি। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন।রায়ে বলা হয়, পিলখানা হত্যা মামলায় ৭৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। অপরাধের প্রকৃতি, ব্যাপকতা ও গুরুত্ব বিবেচনা করে এ পর্যায়ে জামিন আবেদন বিবেচনার সুযোগ নেই। তবে তাঁর অসুস্থতার বিষয়টি দেখার জন্য সরকারি যেকোনো হাসপাতালে অথবা প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করে ব্যবস্থা নেওয়া যেতে পারে।এই মামলায় পিন্টুর জামিনের প্রশ্নে গত বছরের ২৫ অক্টোবর বিভক্ত (রুল বিষয়ে) আদেশ দেন হাইকোর্ট। জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করেন এবং অপর বিচারপতি দ্বিমত পোষণ করে জামিন নামঞ্জুর করেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান।আদালতে পিন্টুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আমিনুল ইসলাম ও শেখ মো. আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল হাই।