বিডিআর বিদ্রোহের মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তথ্য-প্রমাণ আগামী মঙ্গলবার আদালতে দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার ওই আদেশ দেন। পাশাপাশি ওই দিন পর্যন্ত পিন্টুর জামিন আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।শুনানিতে অংশ নিয়ে পিন্টুর আইনজীবী রফিক-উল হক স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে জামিনের আরজি জানান। রাষ্ট্রপক্ষে আনিসুল হক জামিনের বিরোধিতা করে বলেন, পিলখানার ঘটনার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ওই মামলায় পিন্টুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, জামিন দেওয়া সমীচীন হবে না। সংক্ষিপ্ত শুনানি গ্রহণের পর আদালত ওই আদেশ দেন। গত বছরের শেষ দিকে বিডিআর বিদ্রোহের মামলায় পিন্টু হাইকোর্টে জামিনের আবেদন জানান। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিদ্রোহে মদদ দেওয়া এবং ওই ঘটনার পর বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে একই বছরের ২ জুন হাইকোর্ট চত্বর থেকে পিন্টুকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।