পিন্টুর জামিন শুনানি শেষ, আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী রোববার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চ আদেশের এই সময় নির্ধারণ করেন।গতকাল শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, সরকারকে অস্থিতিশীল করার জন্যই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে। অন্যদিকে পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যারা বিডিআরকে ধ্বংস করেছে, তাদের বিচার একদিন হবেই।অ্যাটর্নি জেনারেল বলেন, বিদ্রোহী বিডিআর সদস্যদের সমর্থনে মিছিল এবং জওয়ানদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ রয়েছে পিন্টুর বিরুদ্ধে। তাই তাঁর জামিন মঞ্জুর করা সমীচীন হবে না। পিন্টুর কৌঁসুলি খন্দকার মাহবুব বলেন, ‘পিন্টু দেশ ধ্বংস করবে না। যারা ধ্বংস করার তারা করেছে। বিডিআরকে ধ্বংস করে দিয়ে সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, পিন্টু অসুস্থ, এ মামলায় তিনি দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে আটক আছেন। তাঁর জামিন পাওয়ার অধিকার রয়েছে।