পিন্টুর জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বি কে দাস এ আদেশ দেন। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তিন মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত যেটি আগে হয়—সে সময় পর্যন্ত পিন্টুর জামিন মঞ্জুর করেন। পরদিন এই আদেশে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। আবেদনের ওপর শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেন। উল্লেখ্য, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় একটি মামলা হয়। বিদ্রোহে মদদদান এবং ওই ঘটনার পর বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে একই বছরের ২ জুন হাইকোর্ট চত্বর থেকে নাসিরউদ্দিন পিন্টুকে শাহবাগ থানার পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।