পিন্টুর মরদেহ নয়াপল্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর মরদেহ আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আসার কথা রয়েছে।

এরই মধ্যে কার্যালয়ে সামনে দলের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়, এখানে পিন্টুর জানাজা অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, পিন্টুকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন।

পিন্টুর পরিবার এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলছে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অভিযোগ অস্বীকার করেছেন।

ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নাসির উদ্দীন পিন্টু পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া একটি অস্ত্র লুটের দায়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম গতকাল সকালে প্রথম আলোকে বলেন, গত ২০ এপ্রিল পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। হাসপাতালে আসার কয়েক দিন পরে তিনি অসুস্থ বোধ করলে ২৬ এপ্রিল তাঁকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁর চিকিৎসা চলছিল। এ অবস্থায় গতকাল দুপুর ১২টার কিছু আগে তিনি বুকে ব্যথা অনুভব করেন। কারাগারের চিকিৎসক এস এম সায়েম তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। দুপুর ১২টার দিকে তাঁকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখন তাঁর জ্ঞান ছিল না। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।