পিন্টুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা প্রশাসন। কমিটিকে ৭ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই কমিটি গঠন করা হয় বলে কারা সূত্র জানিয়েছে।
তদন্ত কমিটিতে ঢাকা বিভাগের উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।
নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় কারা প্রশাসনের কোনো অবহেলা ছিল কি না এবং জেলকোড অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালনা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তে কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন তাঁরা।
এর আগে রোববার রাত সোয়া ১১টার দিকে পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু কারা কর্তৃপক্ষের কাছ থেকে ভাইয়ের মরদেহ বুঝে নেন।