পিপলস রোকেয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরী খালপাড়া এলাকায় গতকাল শনিবার সকালে পিপলস রোকেয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
এতিম ও সুবিধাবঞ্চিত নারী শিশুদের নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পপতি আয়েশা আক্তার ডালিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কাজী তাইফ সাদাত, উপদেষ্টা শাহনেওয়াজ হোসনে আরা, তত্ত্বাবধায়ক জাকিয়া নাসরিন ও জাপান থেকে আসা শিক্ষানবিশ কর্মকর্তা মিস হাজুকি প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, ‘মেয়ে শিশুরা সবচেয়ে ভুক্তভোগী। মেয়েদের নিয়ে মা-বাবাদের মাথাব্যথা সবচেয়ে বেশি। এই অবস্থা থেকে বের হতে হবে। ঝরে পড়া শিশুদের ভালোভাবে গড়ে তুলতে হবে। এসব শিশুর জন্য ডে কেয়ার স্থাপন করা হবে।’
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, শুরুতে প্রতিষ্ঠানের পাশের এলাকা থেকেই চারজন নারী ও শিশুকে আনা হয়। ধীরে ধীরে সেখানে জায়গা হয় ৪৩ জন নারী শিশুর। প্রতিষ্ঠানে দুজন নারী তত্ত্বাবধায়ক, একজন নারী বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। শিশু শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বিছানা রয়েছে। লেখাপড়ার জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। এ ছাড়া প্রতিদিন সকালে এক ঘণ্টা আরবি শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রয়েছে কম্পিউটার। ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কাজী তাইফ সাদাত জানান, চার থেকে ১৬ বছর বয়সী মেয়ে শিশুদের এখানে রাখা হবে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।