পিপলস লিজিংয়ের সাবেক পরিচালকের জামিন বাতিল
ভুয়া জামানতের মাধ্যমে ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞার জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ঢাকা মুখ্য মহানগর হাকিমকে বলা হয়েছে।
এর আগে ৫ অক্টোবর হাইকোর্ট খবির উদ্দিনকে জামিন দেন। সেই সঙ্গে জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদক লিভ টু আপিল করে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। খবিরের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
পরে খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের এই নির্দেশ প্রতিপালনের পর হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞাসহ ১১ জনের বিরুদ্ধে জামানত ছাড়াই ৭৩ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই পরিচালক ও তাঁর পরিবারের নয়জন সদস্য ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। গত ২১ আগস্ট এ মামলায় খবির উদ্দিন মিঞাকে গ্রেপ্তার করে দুদক। পরে গত ৫ অক্টোবর হাইকোর্ট তাঁকে জামিন দেন। দুদক এই জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে।