পিপলস লিজিংয়ের সাবেক পরিচালকের জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া জামানতের মাধ্যমে ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞার জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে খবির উদ্দিনের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ঢাকা মুখ্য মহানগর হাকিমকে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।
গত ৫ অক্টোবর হাইকোর্ট খবির উদ্দিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই সঙ্গে আদালত জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদক লিভ টু আপিল করে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। খবির উদ্দিনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। মামলার এজাহার সূত্রে জানা যায়, পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞাসহ ১১ জনের বিরুদ্ধে জামানত ছাড়াই ৭৩ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়।