ব্যাংকঋণের সুদের হার কমানো ও পাটের বস্তার পরিবর্তে পিপি ওভেন ব্যাগ ব্যবহারের দাবিতে দিনাজপুরের চালকলমালিকেরা গতকাল সোমবার শহরে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ ছাড়া তাঁরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বেলা ১১টায় জেলার বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় নেতারাসহ পাঁচ শতাধিক অটোমেটিক, সেমি অটোমেটিক, মেজর ও হাস্কিং রাইস মিল মালিক মিছিলে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধন করেন।
প্রায় ৩০ মিনিট মানববন্ধন চলাকালে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মো. লায়েক আলী, দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সদস্য সুজা-উর-রব চৌধুরী বক্তব্য দেন।
এরপর চালকলমালিকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে বলে জানান।
স্মারকলিপিতে দেশের চালকলমালিকেরা ‘পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়ন’-এর সংশোধন দাবি করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ আইন বাস্তবায়ন করতে গিয়ে পুরো চালকলশিল্প ধ্বংসের মুখে পড়েছে। দেশে পিপি ওভেন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে ওই ব্যাগে। তা ছাড়া সার, ময়দা, ডাল, চিনি, চাসহ সব প্যাকেটজাত পণ্যে পিপি ওভেন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যও আসছে পিপি ওভেন ব্যাগে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, একটি পিপি ওভেন ব্যাগের দাম মাত্র ১৫ টাকা। অথচ একই সমান একটি চটের বস্তার দাম ৪৫ টাকা। তা ছাড়া স্বচ্ছ পিপি ওভেন ব্যাগে থাকা চালের ধরন, মান ও ব্র্যান্ড সম্পর্কে ক্রেতারা সহজেই জানতে পারেন। এসব কারণে চালকলমালিকেরা শুধু চাল সংরক্ষণ ও বিপণনে পিপি ওভেন ব্যাগ ব্যবহারের অনুমতি দিতে আইনটির সংশোধন দাবি করেন।
একই সঙ্গে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও উত্পাদনব্যবস্থায় ব্যাংকঋণের সুদের হার কম অর্থাৎ ১০ টাকার নিচে করার দাবি জানানো হয়।
শেষে স্থানীয় স্টেশন ক্লাবে চালকলমালিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।