পিপি ফিরেছেন, পলাতক আসামি হান্নান ফেরেননি

ভারত থেকে ফিরেছেন সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে তামাবিল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্র হয়ে তিনি দেশে ফেরেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।
গত মঙ্গলবার দুপুরে তামাবিল হয়ে ভারতের শিলং যাওয়ার সময় পিপির সঙ্গে দুদকের মামলায় পলাতক আসামি সিলেটের ঠিকাদার আবদুল হান্নান থাকলেও ফেরার সময় আর সঙ্গে ছিলেন না তিনি।
তামাবিল অভিবাসনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অভিবাসন পুলিশ সূত্র মিসবাহ উদ্দিন সিরাজ ও তাঁর স্ত্রী ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
বেলা তিনটার দিকে তামাবিল স্থলবন্দর অতিক্রম করেন মিসবাহ। তখন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় স্থানীয় কয়েকজন সাংবাদিক তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে তিনি দ্রুত গাড়িতে উঠে জাফলং একটি রেস্তোরাঁয় চলে যান।
সন্ধ্যা ৫টা ১৭ মিনিটের দিকে এ প্রতিবেদক মিসবাহর মুঠোফোনে কল দিলে রিসিভ করেননি। মিসবাহকে অভ্যর্থনা জানানো আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন গোয়াইনঘাটের বাসিন্দা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের নেতা শামসুল আলম। মুঠোফোনে শামসুল প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু নেতাকে অভ্যর্থনা জানাতে সেখানে গিয়েছিলাম। গত মঙ্গলবার যাওয়ার সময় নেতার সঙ্গে আরও যে কয়েকজন ছিলেন, ফেরার সময় তাঁরা কেউ ছিলেন না।’
সুনামগঞ্জের হাওরে গেল বোরো মৌসুমে বাঁধ ভেঙে ফসলহানির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ১৩৯ আসামির একজন সিলেটের ঠিকাদার আবদুল হান্নান। দুদকের দৃষ্টিতে তিনি পলাতক হলেও প্রকাশ্যেই ঘুরছিলেন। সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হান্নান ক্ষমতাসীন রাজনৈতিক নেতা ও মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রেখে চলছিলেন বলে অভিযোগ ছিল।
গত মঙ্গলবার হান্নান মিসবাহউদ্দিনকে সঙ্গে নিয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারতে বেড়াতে যান। নিজের ফেসবুক আইডি থেকে হান্নান ভারত সফরের ছবি প্রকাশ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘পলাতক আসামির সঙ্গে পিপি ভারতে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
মিসবাহউদ্দিন সিরাজের কয়েকজন ঘনিষ্ঠজন বলেন, ভারতের শিলংয়ে অবস্থানকালে এ বিষয়ে অবহিত হয়ে মিসবাহ এক দিন পরই দেশে ফিরেছেন। সঙ্গে হান্নান থাকা প্রসঙ্গে মিসবাহ তাঁদের বলেন, তিনি সস্ত্রীক ভারতের শিলং যাচ্ছিলেন। পথে হান্নানের পরিবারের সঙ্গে দেখা হয়েছিল মাত্র। ঘটনাটি কাকতালীয়ভাবে হয়েছে জানিয়ে সার্বিক বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান।