পিপি যখন আসামির প্রশ্রয়দাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলমগীর খানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে আসামিদের প্রশ্রয় দেওয়া এবং জোরালো বিরোধিতা না করার অভিযোগ উঠেছে। এ কারণে এই হত্যা মামলার বাদী আদালতে ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পুলিশ সদর দপ্তর থেকেও এই অভিযোগ তুলে এক প্রতিবেদন পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মামলায় সাংসদ আমানুর ও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানকে অব্যাহতি দিতে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলমগীর খান ‘অতি সংগোপনে’ কাজ করে যাচ্ছেন। প্রতিবেদনে আইনজীবী হিসেবে তাঁর যোগ্যতা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আমানুর রহমান খান (ওপরে বাঁয়ে), সহিদুর রহমান খান, জাহিদুর রহমান খান ও সানিয়াত খান।
আমানুর রহমান খান (ওপরে বাঁয়ে), সহিদুর রহমান খান, জাহিদুর রহমান খান ও সানিয়াত খান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

পিপির কক্ষে আসামি
ফারুক আহমেদের স্ত্রী মামলার বাদী নাহার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর হত্যার জন্য যারা দায়ী, তাদের তিনি (আলমগীর খান) সব সময় প্রশ্রয় দিচ্ছেন। গত ৬ সেপ্টেম্বর যখন কাশিমপুর কারাগার থেকে আমানুরকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়, তখন তিনি পিপির কক্ষে গিয়েছেন। আসামি ও তাঁর পরিবারকে কোন স্বার্থে পিপি সহযোগিতা করছেন তা জানতে চাই।’

জেলা পুলিশ ও আওয়ামী লীগ সূত্র জানায়, ফারুক হত্যা মামলা ছাড়াও টাঙ্গাইলে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার আইনজীবীরা নাম না প্রকাশ করে প্রথম আলোকে বলেন, পিপি আলমগীর খান বাদীর পক্ষে নয়, বরং আমানুর ও তাঁর ভাইদের অনুকূলে ভূমিকা রেখেছেন।

বিভিন্ন মামলায় পিপির প্রশ্রয়
পুলিশ প্রতিবেদন ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া ২০১২ সালের ১৬ জুন নিখোঁজ হন। গত মার্চ ও এপ্রিলে এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাহাদত হোসেন সাধু, খন্দকার জাহিদুল ইসলাম ও হিরন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাংসদ আমানুর ও তাঁর ভাই জাহিদুর রহমান খানের নির্দেশেই তাঁরা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেন। চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি হওয়ার পরও আদালতে স্বীকারোক্তি দেওয়া এই দুজন জামিন পেয়েছেন। নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, পিপি আলমগীর খান আসামিদের জামিনের বিরোধিতা করে আদালতে কোনো ভূমিকা রাখেননি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলমগীর খান। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলমগীর খান। ছবি: সংগৃহীত

পিপির বিরুদ্ধে আরও অভিযোগ

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আইনজীবীরা বলেন, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান আইনজীবী হলেও কখনো আইন পেশায় যুক্ত ছিলেন না। পিপি হতে ন্যূনতম ১০ বছর আইন পেশায় নিয়োজিত থাকতে হয়। তা ছাড়া বয়স ৬০ বছরের মধ্যে হওয়ার বাধ্যবাধকতা থাকলেও আলমগীর খানের বয়স ৭০ এর ওপরে। জেলা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, পিপির এই দুর্নীতির কারণে তাঁরাও বিব্রত।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিপি আলমগীর খান প্রথম আলোকে বলেন, ‘আমানুর কে? তাঁকে আমি চিনি না। তাঁদের সঙ্গে যোগাযোগ নেই। সব মিথ্যা। সব ষড়যন্ত্র। আর ফারুক হত্যা মামলার দেখভাল করা আমার দায়িত্ব না। পুলিশের প্রতিবেদন ভুয়া।’

তবে জেলা আওয়ামী লীগের তিনজন দায়িত্বশীল নেতা নাম না প্রকাশ করে প্রথম আলোকে বলেন, একজন পিপির দায়িত্ব সব আলোচিত মামলার বিশেষ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোর দেখভাল করা, সমন্বয় করা। বাদী যাতে ন্যায়বিচার পায়, সে জন্য কাজ করা। কিন্তু তিনি কিছুই করছেন না।’