পিপিএম পাচ্ছেন সেই শের আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল শের আলী। ২৩ জানুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হতে পারে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে শিশুকে উদ্ধারের জন্য কনস্টেবল শের আলী পিপিএমের জন্য মনোনীত হয়েছেন। গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় বাস উল্টে ৪ জন নিহত এবং ২৩ জন আহত হয়। কনস্টেবল শের আলী তখন ছুটিতে কক্সবাজারের নিজ বাড়িতে ছিলেন। বাস দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তিনি।
এই কনস্টেবলকে নিয়ে গত ১৩ ডিসেম্বর ‘মানুষ মানুষের জন্য: একজন শের আলী’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, শের আলীসহ নগর পুলিশের চারজন পিপিএম এবং নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বাংলাদেশ পুলিশ মেডেলের (বিপিএম) জন্য মনোনীত হয়েছেন। এ-সংক্রান্ত চিঠি গত রোববার পুলিশ সদর দপ্তর থেকে নগর পুলিশের কার্যালয়ে আসে। ইকবাল বাহার চট্টগ্রামে যোগ দেওয়ার আগে রাজশাহীতে ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে জঙ্গি দমনে বিশেষ অবদান রাখায় তিনি বিপিএম পাচ্ছেন। এ ছাড়া নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল হৃদয় মাহমুদ শিকদার পিপিএমের জন্য মনোনীত হয়েছেন।